Full Content

বাগেরহাটের বেশরগাতীতে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। শনিবার দুপুর ১২টার দিকে সফরসঙ্গীদের নিয়ে তিনি ফাউন্ডেশনে পৌঁছান। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে প্রশংসা ও মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে ধর্ম সচিব ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, ইনস্টিটিউট, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং দৃষ্টিনন্দন বায়তুল লতিফ জামে মসজিদ ঘুরে দেখেন। তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

বায়তুল লতিফ জামে মসজিদের সৌন্দর্য ও নির্মাণশৈলীও ধর্ম সচিবের নজর কাড়ে। মসজিদটি ঘুরে দেখার পর তিনি ওজু করে সফরসঙ্গীদের সঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করেন।

সংবাদের ছবি

পরে ধর্ম সচিব বাগেরহাট শহরের নতুন কোর্টের সামনে অবস্থিত লতিফ মাস্টার ফাউন্ডেশনের ‘স্মার্ট স্কিল আইটি’ পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম এবং তরুণদের দক্ষতা উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত হন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক ও যুগ্ম সচিব মো. জাকির হোসেন, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, প্রয়াত গুণী শিক্ষক লতিফ মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা প্রশাসনের কর্মকর্তা গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর এস. এম. জিহাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ. বি. এম. গোলাম সরওয়ার, দুদকের আইনজীবী নজরুল ইসলাম কাজল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বক্সী, ডা. ইসরাত জাহান নিপা, ফিজিওথেরাপি কনসালট্যান্ট সংগ্রাম কান্তি কুণ্ডু, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি, বেগ শামিম, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর সাংবাদিক রুহুল আমিন বাবু, সালমান হুসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদের ছবি